টানা সপ্তম মাসের মতো শিল্পোৎপাদন খাতে চীনের মুনাফা কমেছে। গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে মুনাফার পরিমাণ ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। কারণ হিসেবে চাহিদা কমে যাওয়াকে দায়ী করেছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো। খবর রয়টার্স।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) রোববারের তথ্য বলছে, চলতি বছরের প্রথমার্ধে আয় কমেছিল ১৬ দশমিক ৮ শতাংশ। প্রথম সাত মাসের হিসাবে বার্ষিক আয় কমেছে ১৫ দশমিক ৫ শতাংশ। মাসিক পরিসংখ্যান প্রকাশকারী প্রতিষ্ঠানটি বলছে, জুনেও মুনাফা কমেছে ৮ দশমিক ৩ শতাংশ।

জুলাইয়ে আর্থিক বছরের শুরু থেকেই বার্ষিক হ্রাস দিয়ে শুরু হয়েছে উল্লেখ করে এনবিএস পরিসংখ্যানবিদ সান জিয়াও বিবৃতিতে বলেছেন, ‘‌পণ্যের মূল্য কমের দিকে। মধ্য ও নিম্নধারার শিল্পগুলোয় কাঁচামালের খরচের চাপ হ্রাস পেয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের ইউনিট খরচ সামগ্রিকভাবে কমেছে।’

বছরের প্রথমার্ধে চীনের বৃহৎ শিল্পোৎপাদন প্রতিষ্ঠানগুলো লোকসান করেছে। গত বছর ১২ কোটি ৩৬ লাখ ইউয়ান লাভ করেছিল প্রতিষ্ঠানগুলো। বিপরীতে চলতি বছরের প্রথমার্ধে ৮৩ কোটি ৬ লাখ ইউয়ান বা ১১ কোটি ৪২ লাখ ডলারের নিট লোকসান গুনেছে ইঞ্জিনিয়ারিং ফার্ম চায়না অ্যালুমিনাম ইন্টারন্যাশনাল। চীনের প্রধান ব্যাংকগুলো ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। তবে অর্থনৈতিক মন্থর দশার কারণে ব্যাংকগুলো বার্ষিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৫ শতাংশের নিচে নামিয়ে এনেছে।