উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন ও শিক্ষকদের আন্তর্জাতিক মানের পেশাদারত্ব বৃদ্ধিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)–এর আয়োজনে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় সোমবার রাত নয়টায় শুরু হয় এ ওয়েবিনার।
একাডেমিক মানোন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় আয়োজিত এ গুরুত্বপূর্ণ সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর ও লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আহমেদ মুস্তাফা।
ওয়েবিনারে অধ্যাপক মুস্তাফা আধুনিক শিখন পদ্ধতি, ছাত্র–শিক্ষক যোগাযোগের উন্নয়ন, প্রযুক্তি–নির্ভর শিক্ষাদান ও কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, শিক্ষকরা নিজেরা অন্যকে তৈরি করার দায়িত্ব নেন। সে দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। পাশাপাশি অ্যাকটিভ লার্নিং, গবেষণা–ভিত্তিক শিক্ষাদান, ক্লাসরুম এনগেজমেন্ট, শিক্ষার্থীর আচরণ বিশ্লেষণ ও কার্যকর মূল্যায়ন–সংক্রান্ত কয়েকটি উপযোগী কৌশল তুলে ধরেন।
আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকারা ওয়েবিনারে অংশ নেন।
-বিজ্ঞপ্তি










