অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত পঞ্চম আহকাব ইন্টারন্যাশনাল এক্সপোতে অ্যাগ্রোভেট ডিভিশনের বিভিন্ন সেবা ও পণ্য নিয়ে অংশ নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। গত বৃহস্পতিবার থেকে ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী শুরু হয়েছে। আজ সন্ধ্যায় তা শেষ হবে।
প্রদর্শনীতে দেশী-বিদেশী দুই শতাধিক প্রতিষ্ঠানের পাশাপাশি স্কয়ারের সুপরিসর স্টল নিয়ে এরই মধ্যে মেলায় আগত সাধারণ দর্শনার্থী ও সর্বস্তরের খামারিদের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যাগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত বলেন, ‘প্রতিবারের মতো এবারের আয়োজনেও আমরা চেষ্টা করেছি প্রাণিসম্পদ খাতের সর্বশেষ প্রযুক্তি ও পণ্য নিয়ে ইন্ডাস্ট্রির সামনে হাজির হতে। বিশেষ করে করোনা মহামারী-পরবর্তী পরিস্থিতিতে খামারিদের স্বল্প খরচে খামার ব্যবস্থাপনা ও জৈব নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটর এবং ভ্যাকসিনের সর্বশেষ সংস্করণ এ মেলায় প্রদর্শন করছি। তাছাড়া খামারিরা আমাদের স্টলে এসে স্কয়ারের রেজিস্টার্ড প্রাণিচিকিৎসক ও কনসালট্যান্টদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে পরামর্শ নিতে পারছেন।’ —বিজ্ঞপ্তি









