তুলা উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে মিসর সরকার। এতে চলতি মৌসুমে দেশটি তুলার আবাদ বেড়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য বলছে, চলতি মৌসুমে দেশটির ৩ লাখ ৩০ হাজার ফেদ্দান (জমি পরিমাপের একক) জমিতে তুলার আবাদ হয়েছে। গত মৌসুমের তুলনায় ৯৩ হাজার ফেদ্দান বেশি জমিতে আবাদ হয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আবাদ ৩৯ শতাংশ বেড়েছে।

এপ্রিলে দেশটির কৃষি মন্ত্রণালয় ঘোষণা দেয়, আগামী মৌসুমে মিসরে তুলা উৎপাদন ৫০ শতাংশ বাড়বে। ২০২৩ সালের মধ্যে উৎপাদন দ্বিগুণ হবে। মন্ত্রণালয় জানায়, সরকার স্থানীয় কৃষকদের তুলা, ভুট্টা ও অন্যান্য কৌশলগত শস্য উৎপাদন বাড়াতে উৎসাহিত করছে। বাণিজ্যিকভাবে তুলার বীজ উন্মোচন করা হলে কৃষকদের আবাদ প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেয়া হবে।