ইংরেজি বিষয়ের শিক্ষকদের নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে। টেসল সোসাইটি অব বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট যৌথ উদ্যোগে এ আয়োজন করে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইংরেজি শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকবোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. জামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরী ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক মো. নিজামুল করিম। সম্মানীয় অতিথি ছিলেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আভাই)পরিচালক এ বি এম রেজাউল করিম ফকির।

দিনব্যাপী প্রশিক্ষণে ১০টি কর্মশালা পরিচালিত হয়। প্রশিক্ষকেরা শিক্ষকদের শিক্ষাদান বিষয়ক নির্দেশনা দেন। পাশাপাশি এসব কর্মশালার মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন প্রয়োজনীয় পদ্ধতি ছাড়াও কলা–কৌশলগুলোর সঙ্গেও অংশগ্রহণকারী শিক্ষকদের পরিচিত করিয়ে দেয়া হয়। কর্মশালা সঞ্চালনা করেন স্টেট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) নুশরাত আরা ঐশী। কর্মশালার শেষে অংশগ্রহণকারী শিক্ষদের সবাইকে সনদপত্র দেয়া হয়।

শিক্ষাবিষয়ক এসব কর্মশালা ছাড়াও ব্রিটিশ কাউন্সিল, ঢাকা ও আমেরিকান সেন্টার, ইউএস অ্যাম্বাসি ঢাকা থেকে পরিচালিত বিভিন্ন ইংরেজি প্রোগ্রাম সম্পর্কে ধারণা প্রদানের উদ্দেশ্যে আলাদা একটি সেশনও পরিচালিত হয়েছিল। -বিজ্ঞপ্তি