মূল্যস্ফীতির কারণে ব্যয় সংকোচন করেছেন মার্কিন তরুণরা। বাইরে খাওয়া ও ঘোরাফেরা থেকে শুরু করে পোশাক ও বিনোদনেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। সম্প্রতি প্রকাশিত ব্যাংক অব আমেরিকার জরিপে এমনটাই উঠে এসেছে। খবর রয়টার্স।
১৮-২৬ বছর বয়সী ১ হাজার ১০০ তরুণ নিয়ে চালানো হয়েছে জরিপ। এতে অংশ নেয়া তরুণদের ৭০ শতাংশ স্বীকার করেছেন, মূল্যস্ফীতির কারণে তাদের জীবনযাপনে পরিবর্তন এসেছে। তাদের মধ্যে ৪৩ শতাংশ এখন বাইরে খাওয়ার চেয়ে বাসায় খাওয়াকে প্রাধান্য দেন। পোশাক বাবদ খরচ কমিয়ে ফেলেছেন ৪০ শতাংশ। মুদি দোকানের কেনাকাটা কমিয়ে ফেলেছেন ৩৩ শতাংশ তরুণ।
ব্যাংক অব আমেরিকার খুচরা ব্যাংকিং বিভাগের প্রধান হোলি ওনেইল বলেন, ‘তরুণরা তাদের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এখন আগের চেয়ে বেশি সতর্ক। মূল্যস্ফীতির অভিঘাতে তারা জীবনযাপনের মানে পরিবর্তন নিয়ে এসেছেন।’ যুক্তরাষ্ট্রজুড়েই গ্যাসোলিন ও খাদ্যের দাম বাড়ছে। গত মাসে ব্যাংক অব আমেরিকার প্রধান নির্বাহী ব্রায়ান ময়নিহান বলেন, ‘ভোক্তাদের হাতে পয়সা কমে আসছে। তারা ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছেন।’
তরুণদের প্রতি ১০ জনের চারজনই ব্যয় সংকোচন করেছেন। অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন কখন হবে, এ বিষয়ে তাদের মধ্যে তেমন আশাবাদ নেই। জরিপে অংশ নেয়া অধিকাংশ তরুণই আগামী বছর অর্থনীতি শক্তিশালী হবে বলে মনে করে না। তবে তরুণরা খরচ কমিয়ে আনলেও বৃদ্ধরা ব্যয় বাড়িয়েছে বলে জানিয়েছে ব্যাংক অব আমেরিকা।










