তালিকাভুক্ত লিবরা ইনফিউশনস লিমিটেডের শেয়ারদর গত আট কার্যদিবসে ৩০ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির গত ২৪ সেপ্টেম্বর ৮০৭ টাকা ৮০ পয়সার শেয়ার গতকাল ১ হাজার ৫৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, এ অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে এক চিঠির মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ২৪ পয়সা। আর আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ১০ পয়সা। ২০২১ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ টাকায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১ হাজার ২৬৪ টাকা। 

সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিবরা ইনফিউশনস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। আগের বছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৫ পয়সা। ২০২০ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১ হাজার ২৬১ টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২৬৯ টাকা।

২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিবরা ইনফিউশনস।