পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’
ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এসিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে বীমা খাতের কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩২ পয়সায়।










