চীনে লক্ষণীয় মাত্রায় বেড়েছে কয়লা উত্তোলন। এতে দেশটির কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্য বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রীষ্মের তীব্র গরমে গৃহস্থালিগুলোয় ব্যাপক বাড়ছে বিদ্যুতের চাহিদা। আর বাড়তি বিদ্যুৎ উৎপাদনে বাড়ছে কয়লার চাহিদাও।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (এনবিএস) দেয়া তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে চীনে ২১৯ কোটি টন কয়লা উত্তোলন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ১১ শতাংশ বেড়েছে। দৈনিক উত্তোলনও ঊর্ধ্বমুখী।

এনবিএসের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, গত মাসে দেশটিতে দৈনিক কয়লা উত্তোলন আগের মাসের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার টন। মে মাসে দৈনিক উত্তোলন করা হয় ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার টন। জুনে মোট উত্তোলনের পরিমাণ ছিল ৩৭ কোটি ৯৩ লাখ ১০ হাজার টন।

এদিকে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দামের চাপ সামলাতেও উত্তোলন বাড়ানো হচ্ছে। চীন সরকার দেশটির খনি মালিকদের উত্তোলন বাড়ানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি নতুন খনি সক্ষমতার অনুমোদনও দেয়া হয়েছে। উদ্দেশ্য স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ ঘাটতি এড়ানো। চলতি বছর দৈনিক ১ কোটি ২৬ লাখ টন করে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে চীন সরকারের।