চলতি অর্থবছরে ৫০ কোটি ডলার বাজেট ঘাটতিতে পড়তে যাচ্ছে আফগানিস্তান। সম্প্রতি তালেবান সরকার এ তথ্য প্রকাশ করেছে। তবে পরিকল্পনা ও রাজস্ব ঘাটতির মধ্যকার এ পার্থক্য কীভাবে পূরণ করা হবে সে সম্পর্কে স্পষ্ট করে কোনো ধারণা দেয়া হয়নি। খবর রয়টার্স।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে গত বছর দায়িত্ব গ্রহণ করে তালেবান সরকার। এরপর প্রথমবারের মতো বাজেট ঘোষণায় দেশটির উপপ্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি বলেন, সরকারের পূর্বাভাস অনুযায়ী ব্যয়ের পরিমাণ ২৩ হাজার ১২৩ কোটি আফগানি। অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ৬৭০ কোটি আফগানি। মূলত কাস্টম, মন্ত্রণালয় ও খনিগুলো থেকে এসব রাজস্ব আদায় করা হবে বলে জানান অর্থমন্ত্রী আহমাদ ওয়ালি হাকমাল।

উপপ্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষার দিকে মূলত বেশি নজর দেবেন তারা। কীভাবে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা যায় সেটির প্রতি সর্বোচ্চ দৃষ্টি দেয়ার কথাও জানিয়েছেন তিনি। যদিও এখন পর্যন্ত নারীদের শিক্ষার অনুমতি দেয়া হয়নি। গত আগস্টের পর থেকে স্কুলে যাওয়ার অনুমতি পায়নি দেশটির মেয়েরা।

তালেবান সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত দেশটিতে বেশ ভালো পরিমাণে বৈদেশিক সহায়তা আসত। কিন্তু গত আগস্ট থেকে সেসব সহায়তা বন্ধ করে দেয়া হয়। বিশ্বের অধিকাংশ দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। একদিকে অর্থনৈতিক দুরবস্থা, অন্যদিকে নিরাপত্তার প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে দেশটি। এ অবস্থায় তালেবান সরকারকে তহবিলের নিয়ন্ত্রণ না দিয়ে কীভাবে সাধারণ মানুষকে মানবিক সহায়তা দেয়া যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে উন্নয়ন সংস্থাগুলো।