অতালিকাভুক্ত কোম্পানি ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের (ডিএসপিএল) ৬১ লাখ ৯৯ হাজার ৮৬৭টি শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইলস পিএলসি। গতকাল প্যারামাউন্ট টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের সভায় উল্লেখিত শেয়ার হস্তান্তরসংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।

সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসপিএলের শাপুরজি পালোনজি ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটালের মালিকানাধীন ৬১ লাখ ৯৯ হাজার ৮৫৯টি শেয়ার এবং সুনীল কুলকার্নির মালিকানাধীন আটটি শেয়ার অধিগ্রহণ করবে প্যারামাউন্ট টেক্সটাইলস।

এর আগে গত ১২ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ডায়নামিক সান এনার্জির পরিশোধিত মূলধনের ৪৯ শতাংশ অধিগ্রহণের সিদ্ধান্তের কথা জানায় প্যারামাউন্ট টেক্সটাইলস। তালিকাভুক্ত কোম্পানিটি ব্যবসা বহুমুখীকরণ কার্যক্রমের অংশ হিসেবে অতালিকাভুক্ত কোম্পানিটির সঙ্গে যৌথ উদ্যোগে পাবনায় অবস্থিত ডায়নামিক সান এনার্জির ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-টাইয়িডের সৌর বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করতে চায়। এ প্রকল্পের চুক্তির মেয়াদ হবে ২০ বছর। এ বিদ্যুৎকেন্দ্রে উন্নয়ন প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় ধরা হয় ১ হাজার ৩০০ কোটি টাকা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ২ টাকা ৩৫ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৯১ পয়সায়।