বাংলাদেশের জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চান দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। গতকাল এক বৈঠকে ঢাকায় সফররত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বাজুস কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধি দলটির সঙ্গে বাজুদের কার্যনির্বাহী কমিটির সদস্যরা বাংলাদেশের জুয়েলারি খাতের সম্ভাবনা এবং এতে বিনিয়োগ পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে জুয়েলারি খাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা জানান, বাংলাদেশে জুয়েলারি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও দক্ষিণ আফিকায় বিনিয়োগ করতে পারে। এতে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বাড়বে।
এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সদস্য নোকুথুলা নোকি এনডলভ বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশে জুয়েলারি খাতে বিনিয়োগে অপার সম্ভাবনা রয়েছে। সঠিকভাবে বিনিয়োগ করা হলে বাংলাদেশের জুয়েলারি শিল্প এগিয়ে যাবে।’
এ সময় বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান বলেন, ‘বাংলাদেশে বর্তমানে জুয়েলারি খাত দিন দিন এগিয়ে যাচ্ছে।’ তাই তিনি দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে এ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।
বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবন কুমার আগরওয়ালা বলেন, ‘এ দেশে ডায়মন্ড খচিত অলংকারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বড় আকারে কোনো ডায়মন্ড কাটিং কারখানা নেই।’ তাই তিনি ডায়মন্ড কাটিং কারখানা স্থাপনে বিনিয়োগ করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে আহ্বান জানান।
এ বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এলিসা মাকওয়া। এছাড়া বাজুসের প্রতিনিধি দলে ছিলেন সহসভাপতি এমএ হান্নান আজাদ, মো. রিপনুল হাসান, মো. জয়নাল আবেদীন, সহসম্পাদক মোস্তফা কামাল, কাজী নাজনীন হোসেন, ফরিদা হোসেন, কোষাধ্যক্ষ উত্তম বণিক, কার্যনির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, নারায়ণ চন্দ্র দে, মো. মজিবর রহমান খান, জয়দেব সাহা, মো. ছালাম ও মো. আলী হোসেন।










