দেশের পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীর তুলনায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা খুবই নগণ্য। এ সংখ্যা বৃদ্ধির মাধ্যমে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নে মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজারদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সঙ্গে বিএসইসির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, এমএসআই বিভাগের ঊর্ধ্বতন কমকর্তা, বিএমবিএ সভাপতি ছায়েদুর রাহমান ও অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।










