বিশ্বজুড়েই ক্রমবর্ধমান রয়েছে পণ্যের দাম। ইউক্রেনে রুশ আগ্রাসন কভিডজনিত প্রতিবন্ধকতাকে আরো জটিল করে তুলেছে। ফলে এপ্রিলে জার্মানির পাইকারি মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। খবর আনাদোলু এজেন্সি।

জার্মানির ফেডারেল স্ট্যাটিসটিক্যাল অফিস জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধের কারণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন করা পণ্যের দাম ব্যাপক বেড়ে গেছে। গত মাসে পাইকারি এ দাম গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। দাম বাড়ার এ হার ১৯৬২ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বার্ষিক দাম বাড়ার এ হার ছিল যথাক্রমে ১৬ দশমিক ৬ এবং ২২ দশমিক ৬ শতাংশ।

ইউক্রেনে রুশ আগ্রাসন বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে। ফলে কাঁচামাল ও জ্বালানির দাম অনেক বেড়ে গেছে। যুদ্ধের কারণে ঊর্ধ্বমুখী হয়েছে খাদ্যপণ্যের দামও। এপ্রিলে পাইকারি মূল্যস্ফীতি বাড়াতে সবচেয়ে বেশি অবদান রেখেছে জ্বালানি তেল।