সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ফিলিপাইনের সরকার অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে চাইছে। এজন্য দেশ দুটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তির দিকে এগোচ্ছে। আলোচনাটি ম্যানিলায় ইউএই-ফিলিপাইন বিজনেস ফোরামের বৈঠকের সময় অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ বিনিয়োগের সুযোগ ও বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতার সুযোগ খুঁজছে। খবর দ্য ন্যাশনাল নিউজ।
‘দ্য কম্প্রিহেনসিভ অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ আলোচনা ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে কর্মকর্তারা জানান, তারা চুক্তির ব্যাপারে একমত হয়েছেন। ইউএইর বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা প্রতিমন্ত্রী আহমেদ আল সায়েগ এবং বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী ড. থানি আল জেয়াউদি জানান, ২০২৩ সালের প্রথমার্ধে দুই দেশের মধ্যে ৫০ কোটি ডলারের জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য ছিল।
আহমেদ আল সায়েগ বলেন, ‘ইউএই ও ফিলিপাইন তাদের অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় অংশীদারত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যেখানে দুই দেশের মধ্যে মূল শিল্প খাতে বিনিয়োগ এবং সহযোগিতার সুবিধার্থে পারস্পরিক প্রচেষ্টা সফল হয়েছে।’
২০২২ সালে সংযুক্ত আরব আমিরাত ফিলিপাইনের জন্য ১৭তম প্রধান বাণিজ্য অংশীদার হিসেবে স্থান তৈরি করেছে।










