যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরুর খবরে কয়েক দিন থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চাঙ্গা রয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রেও ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। ভ্যাকসিন নিয়ে এমন আশাবাদের খবরে জ্বালানি পণ্যটির দাম আরো বেড়েছে। এ ধারাবাহিকতায় ব্রেন্ট ক্রুডের ব্যারেল ৫০ ডলারের ওপরে অবস্থান করছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।
যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। দিন শেষে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৫০ ডলার ৬৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বেশি।
একইভাবে এদিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় বেড়েছে ব্যারেলে ৬২ সেন্ট। দিন শেষে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৪৭ ডলার ১৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ বেশি।
গতকাল যুক্তরাষ্ট্রজুড়ে ৩৬৩টি কেন্দ্র থেকে একযোগে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। এর আগে দেশটিকে ফেডারেল খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফাইজার ও বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে করোনা মহামারী পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। গতকাল ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে চাঙ্গা হয়ে ওঠে জ্বালানি তেলের বাজার।
একই সঙ্গে সৌদি আরবের জেদ্দা বন্দরে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা জ্বালানি পণ্যটির সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।










