ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত দীর্ঘ হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়ার পাশাপাশি তা মধ্যপ্রাচ্যের অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে। মিসরের ওরাসকম ডেভেলপমেন্ট জানায়, এ যুদ্ধের কারণে অঞ্চলটির পর্যটন খাত ও বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ক্ষতিগ্রস্ত হবে। খবর দ্য ন্যাশনাল নিউজ।

সুইজারল্যান্ডের তালিকাভুক্ত এ কোম্পানির ২০০ কোটির বেশি সম্পদ রয়েছে। মিসর, সুইজারল্যান্ড, ওমান, মরক্কো, ইংল্যান্ড, মন্টিনিগ্রো ও সংযুক্ত আরব আমিরাতে উন্নত শহর গড়ে তুলতে কাজ করছে ওরাসকম। এর মধ্যে আবাসিক এলাকা, হোটেল, খুচরা বিক্রির দোকানসহ বিভিন্ন সুবিধা থাকবে।

ওরাসকম গ্রুপের প্রধান নির্বাহী ওমর এল হামামসি বলেন, ‘আমার মতে, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ প্রভাবিত হবে। কেননা অধিকাংশ বিদেশী বিনিয়োগকারী এ অঞ্চলের বিভিন্ন অংশের মধ্যকার সম্পর্কের বিষয়ে ততটা অবগত নয়। এছাড়া এ অঞ্চলজুড়ে যে উদ্বেগ রয়েছে, তা পর্যটন খাতেও বিরূপ প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘এ খাতের আয় কমবে। কারণ মানুষ মনে করবে, যুদ্ধের কারণে হয়তো কোনো সতর্কতা জারি করা হয়েছে।’

ওমর এল হামামসি বলেন, ‘এটি আমাদের ব্যবসায়িক কার্যক্রমের ওপর অনাকাঙ্ক্ষিত আঘাত হবে, বিশেষ করে দেশের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হবে। ফলে উত্তর আফ্রিকাসহ জিসিসির দেশগুলো প্রভাবিত হবে। এছাড়া মূলধন অ্যাকাউন্টগুলোও প্রভাবিত হবে। কেননা উদ্বেগজনক পরিস্থিতির কারণে অনেকে বিনিয়োগ বন্ধ রাখবে।’