পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক ফকির আখতারুজ্জামান ব্যাংকটির ৬৩২টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে এ শেয়ার কিনবেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৫৭ কোটি ৬৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৫৯ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৯৮ কোটি ৫১ লাখ টাকা বা ৩৮ দশমিক শূন্য ১ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২০ টাকা ৩২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৩৫ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।










