পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরে মুনাফা বেড়েছে ৭৪ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। গতকাল কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে রবি আজিয়াটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা, আগের হিসাব বছরে যাছিল ৩৫ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৭৪ দশমিক ২৯ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৬ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ এপ্রিল বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। সভার স্থান ও ভার্চুয়াল লিংক পরে জানানো হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মার্চ।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৮২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রবি আজিয়াটা।










