কৃষ্ণসাগরীয় অঞ্চলের দেশ ইউক্রেনে গমের রফতানি মূল্য কমতে শুরু করেছে। সর্বশেষ সপ্তাহে দেশটিতে কৃষিপণ্যটির রফতানি মূল্য আগের সপ্তাহের তুলনায় টনপ্রতি ৮ ডলার কমে এসেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, রাশিয়ার বাজারে গমের রফতানি চাহিদা বাড়তে শুরু করায় ইউক্রেনে কৃষিপণ্যটির রফতানি মূল্য কমিয়ে দিয়েছে। খবর রয়টার্স।
কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্মের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে ইউক্রেনের বাজারে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে প্রতি টন সাড়ে ১২ শতাংশ প্রোটিন সমৃদ্ধ গমের রফতানি মূল্য দাঁড়িয়েছে ২৮০ ডলারে। আগের সপ্তাহেও একই মানের গম টনপ্রতি ২৮৮ ডলারে রফতানি হয়েছিল।
অন্যদিকে সর্বশেষ সপ্তাহে ইউক্রেনের বাজারে এফওবি চুক্তিতে প্রতি টন সাড়ে ১১ শতাংশ প্রোটিন সমৃদ্ধ গমের রফতানি মূল্য দাঁড়িয়েছে ২৭৮ ডলারে। আগের সপ্তাহে একই মানের গম টনপ্রতি ২৮৬ ডলারে রফতানি হয়েছিল। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনে দুই ক্যাটাগরির গমের রফতানি মূল্য টনে ৮ ডলার কমেছে।










