লাইফবোটের একটি লাইফ রিং ও কাঠের ভাঙা অংশ। দেখতে সাধারণ মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে উত্তর আমেরিকার নৌ ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায়। যুক্তরাষ্ট্রের একটি নিলামে সম্প্রতি স্মৃতিচিহ্ন দুটি বিক্রি হয়েছে দেড় লাখ ডলারে। নিলামের আয়োজন করা হয়েছে জাহাজডুবির ঘটনার ৫০ বছর পর।

নিলামে তোলা স্মৃতিচিহ্নগুলো এডমন্ড ফিটজেরাল্ড নামের আকরিক বহনকারী জাহাজের। ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী লেক সুপিরিয়রে ভয়াবহ ঝড়ে ডুবে যায় জাহাজটি। এতে থাকা ২৯ জন নাবিকের কেউই বেঁচে ফেরেননি। প্রবল ঝড়ের মধ্যে জাহাজটি পানির প্রায় ৫৩৫ ফুট গভীরে তলিয়ে যায়। এ দুর্ঘটনা আজও উত্তর আমেরিকার নৌ-চলাচলের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত।

জাহাজডুবির আটদিন পর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরের একটি উপকূল থেকে স্মৃতিচিহ্ন দুটি খুঁজে পান ৭৭ বছর বয়সী কাঠমিস্ত্রি ল্যারি অর। এগুলো দীর্ঘদিন মিশিগানের জাদুঘরে প্রদর্শনও করা হয়েছে। জাহাজডুবির ইতিহাস নিয়ে আগ্রহ থেকেই স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণ করে রাখেন তিনি।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ডুমুশেলস নিলামটির আয়োজন করে। নিলামে স্মৃতিচিহ্নগুলোর দাম প্রত্যাশার চেয়ে অনেক বেশি ওঠে। এতে বিস্মিত হন ল্যারি অর নিজেও। তিনি জানান, এত অর্থ পাওয়া যাবে কখনো ভাবেননি তিনি। ব্যক্তিগত আর্থিক প্রয়োজনের কারণেই স্মৃতিচিহ্নগুলো বিক্রির সিদ্ধান্ত নেন তিনি।

তবে নিলামে স্মৃতিচিহ্নগুলো যিনি কিনেছেন, তার পরিচয় প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ১৯৭৬ সালে একটি স্মরণীয় ব্যালাড প্রকাশ করেন কানাডীয় গায়ক ও গীতিকার গর্ডন লাইটফুট। গানটির নাম ‘দ্য রেক অব দি এডমন্ড ফিটজেরাল্ড’। গানটির মাধ্যমে জাহাজডুবির ঘটনাটি স্মরণ করেছিলেন তিনি। —খবর ও ছবি এপি