পূর্ব ঘোষণা অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা একেএম শহীদ রেজা ব্যাংকের ৮ লাখ শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন তিনি।
বর্তমানে এ উদ্যোক্তার কাছে ব্যাংকটির ৪ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ১২৬টি শেয়ার রয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৮৪ কোটি ৮৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৮ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৭৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৪৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৭৬, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৩ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ২৯ পয়সা বা ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ।










