রাশিয়া কৃষ্ণ সাগরীয় বন্দর অবরোধ করে রাখায় সমুদ্রপথে খাদ্যশস্য রফতানি বন্ধ রয়েছে ইউক্রেনের। তবে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে স্থল ও রেলপথে রফতানি অব্যাহত রেখেছে দেশটি। রফতানি করা হচ্ছে দানিয়ুব নদীবন্দর ব্যবহার করেও। সম্প্রতি দেশটির খাদ্যশস্য রফতানি পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটেছে। ইউক্রেন সরকার সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দানিয়ুব নদীর একটি গুরুত্বপূর্ণ মুখ অতিক্রম করেছে খাদ্যশস্যবাহী ১৬টি জাহাজ। অবকাঠামোবিষয়ক উপমন্ত্রী জুরি ভাসকভ বলেন, গত চারদিনে বিস্টার নদীমুখ অতিক্রম করেছে ১৬টি জাহাজ। রফতানির এ ধারা আমরা অব্যাহত রাখতে চাই।
মন্ত্রণালয় বলছে, এখন আন্তর্জাতিক বাজারে রফতানির জন্য ইউক্রেনিয়ান খাদ্যশস্য বোঝাইয়ের অপেক্ষায় আছে ১৬টি জাহাজ। অন্যদিকে ৯০টিরও বেশি জাহাজ রোমানিয়ার সুলিনা খালে অপেক্ষায় আছে। এসব জাহাজেও খাদ্যশস্য বোঝাই করে রফতানির উদ্দেশে পাঠানো হবে।
ইউক্রেনের প্রত্যাশা, দেশটি সুলিনা রুটের ব্যবহার বাড়াতে সক্ষম হবে। অন্যদিকে বিস্টার নদীমুখ খুলে দেয়ায় দেশটির মাসভিত্তিক খাদ্যশস্য রফতানি পাঁচ লাখ টন করে বাড়তে পারে।
মন্ত্রণালয় বলছে, রাশিয়া আক্রমণ চালানোর আগে ইউক্রেন সমুদ্রপথে ৮০ শতাংশ খাদ্যশস্য রফতানি করত। কিন্তু ২৪ ফেব্রুয়ারির পর থেকে সমুদ্রপথে রফতানি বন্ধ রয়েছে। দেশটি আগে প্রতি মাসে গড়ে ৬০ লাখ টন খাদ্যশস্য রফতানি করত। কিন্তু বর্তমানে তা কমে ১০ লাখ টনে নেমেছে।










