শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও সৃজনশীল চিন্তাভাবনায় উৎসাহিত করতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত দেশজুড়ে বইপড়া কর্মসূচি এবার কক্সবাজারে সম্প্রসারিত করা হয়েছে। এ কর্মসূচির আওতায় এ বছর সারাদেশের ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে।

এরই অংশ হিসেবে সম্প্রতি কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজন করা হয় বই বিতরণ অনুষ্ঠান। এতে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি খোন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ভাইস-প্রেসিডেন্ট সায়মা আহসান সহ অনেকে।

বইপড়া কার্যক্রমকে আরো জনপ্রিয় করতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমসাময়িক বিষয়ের উপর একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ৪০ জন কুইজ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এ উদ্যোগকে আরো প্রসারিত ও কার্যকরী করতে ২০১৪ সাল থেকে এ কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এ কর্মসূচির আওতায় দেশজুড়ে এ পর্যন্ত প্রায় ৪ লাখ বই বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছে।

—বিজ্ঞপ্তি