যুক্তরাষ্ট্রের অন্যতম পরিবহন প্রতিষ্ঠান এক্সপিও দেউলিয়া হয়ে যাওয়া ইয়েলো করপোরেশনে ২৮টি পরিষেবা কেন্দ্র অধিগ্রহণ করবে। ১০০ বছরের পুরনো প্রতিষ্ঠানটির পরিষেবা কেন্দ্র অধিগ্রহণে ব্যয় হবে ৮৭ কোটি ডলার।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েলো বা সাবেক ওয়াইআরসি আগস্টের দিকে চ্যাপ্টার ১১-এর অধীনে দেউলিয়াত্ব থেকে সুরক্ষা পাওয়ার জন্য আবেদন করে। কোম্পানিটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক ব্রাদারহুড অব টিমস্টারস ইউনিয়নকে দায়ী করেছে। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা ও দুর্বল বাজারের মধ্যে এক্সপোর শেয়ারদর ৩ দশমিক ৮ শতাংশ কমেছে।

প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ট্রাক-ক্যারিয়ারগুলোর মধ্যে একটি। এর মালিকানায় প্রায় ১২ হাজার ট্রাক ও ৩৫ হাজার ট্রেলার ছিল। তাদের গ্রাহকের মধ্যে ছিল ওয়ালমার্ট ও হোম ডিপো। প্রতিষ্ঠানটির বিবৃতি অনুসারে, এক্সপিও আশা করছে এ অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা বাড়বে এবং ২০২৫ সালের মধ্যে তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে শেয়ারপ্রতি মুনাফাও বাড়বে। 

এভারকোর আইএসআইয়ের বিশ্লেষক জোনাথন চ্যাপেল বলেন, ‘এ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির যেসব প্রতিবন্ধকতা ছিল তা কমবে এবং ২০২৭ সালের মধ্যে তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।’

সম্প্রতি আদালতে দায়ের করা তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটি ৮৭ কোটি ডলারের ঋণচুক্তি গ্রহণ করেছে। যার মাধ্যমে এটি উত্তর আমেরিকায় তার কম-ট্রাকলোড পরিবহনের জন্য রুটগুলোকে অপটিমাইজ করতে সহায়তা করবে।৷ আদালতের অধীনে এ নিলামে আরো অংশগ্রহণ করে এস্টেস এক্সপ্রেস লাইনস ও নাইট-সুইফট ট্রান্সপোর্টেশন হোল্ডিংস। এ দুটি প্রতিষ্ঠানসহ অন্য প্রতিষ্ঠানগুলো ১০০ কোটি ৮৮ লাখ ডলারের সম্পদের অধিকার পায়। ডেলাওয়ারের মার্কিন দেউলিয়া আদালত এ রায় অনুমোদনের জন্য ১২ ডিসেম্বর একটি শুনানি করবে বলে সূত্রে জানা গেছে।