পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থে ফ্লোর স্পেস কিনেছে। এ খাতের নিবন্ধন ও অন্যান্য উন্নয়ন ব্যয় বাদে কোম্পানিটির খরচ হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা। ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত সেনা কল্যাণ বিজনেস মার্টে ৬ হাজার ৯৯২ বর্গফুট আয়তনের ফ্লোরটি কিনতে কোম্পানিটি একটি ক্রয় চুক্তি সম্পন্ন করেছে। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এরই মধ্যে এ লভ্যাংশের অর্থ বিতরণ সম্পন্ন করেছে কোম্পানিটি। ১২ জুলাই থেকে স্টক এক্সচেঞ্জে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে কোম্পানিটির শেয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৯ পয়সা।
এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯০ পয়সা। সে হিসেবে আলোচ্য কোম্পানিটির ইপিএস বেড়েছে ৫ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৩ পয়সা।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১ টাকা ও ৯৪ টাকা।










