দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সার্বিকভাবে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক ও গড় লেনদেন বেড়েছে। এ সময়ে এক্সচেঞ্জটিতে শুধু চামড়া খাত বাদে সব খাত থেকেই ইতিবাক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে সেবা ও আবাসন খাত এবং ভ্রমণ খাতে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সব সূচক ও গড় লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর কিছু লক্ষণ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়িয়েছে। এর মধ্যে ডলারের বিনিময় মূল্যে স্থিতিশীলতা, জ্বালানি তেলের মূল্যহ্রাস, আমদানি কমে যাওয়া ও বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতাসহ বেশকিছু সূচকে উন্নতি হয়েছে। এসব কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে পুঁজিবাজারে। গত সপ্তাহে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগ নিয়ে প্রবেশ করেছে বলেও জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। ফলে সপ্তাহটিতে শেয়ার বিক্রির তুলনায় ক্রয়চাপ বেশি ছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৫৩ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ বেড়েছে। সূচকটির বর্তমান অবস্থান ৬ হাজার ৫০৯ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। সূচকের উত্থানে গত সপ্তাহে সবচেয়ে বেশি অবদান ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম বাংলাদেশ, পূবালী ব্যাংক, ইস্টার্ন হাউজিং, আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারের।

ডিএসইর অন্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩৮ দশমিক ৩১ পয়েন্ট বা ১ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ২৬৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ১৮ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৯১ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৪৯টির, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত ছিল ৫৬টির। এছাড়া লেনদেন হয়নি ৭টির।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৯ হাজার ৫১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ছিল ৬ হাজার ৯৩৩ কোটি টাকা। সে হিসাবে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ২ হাজার ৫৮০ কোটি টাকার বেশি বা ৩৭ দশমিক ২২ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ১ হাজার ৯০২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ৩৮৬ কোটি টাকা।

গত সপ্তাহে এক্সচেঞ্জটির খাতভিত্তিক লেনদেনে শীর্ষে রয়েছে বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের ১৮ শতাংশ ছিল খাতটির দখলে। ১২ দশমিক ৩০ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। এ খাতের দখলে রয়েছে গত সপ্তাহের মোট লেনদেনের ১১ দশমিক ৬০ শতাংশ। ১১ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বিবিধ খাত। পরের অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে রয়েছে মোট লেনদেনের ৫ দশমিক ৮০ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে সেবা ও আবাসন খাত থেকে, ১২ দশমিক ২০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ৭ দশমিক ৯০ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে আর্থিক ও ভ্রমণ খাত থেকে। তৃতীয় অবস্থানে থাকা সিমেন্ট খাত থেকে এসেছে ৫ দশমিক ২০ শতাংশ ইতিবাচক রিটার্ন। এছাড়া জীবন বীমা ও পাট খাত থেকে ২ দশমিক ২০ শতাংশ এবং কাগজ ও মুদ্রণ খাত থেকে ৪ দশমিক ৮০ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে গত সপ্তাহে। অন্যদিকে গত সপ্তাহে কেবল চামড়া খাত থেকে শূন্য দশমিক ৪০ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৮৮৫ কোটি টাকায়। যেখানে সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি টাকায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার ৬৪৫ কোটি টাকা বা ১ দশমিক ৬৮ শতাংশ।

অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রায় ১৯ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৬৪৩ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১১ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ১৭২ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৪৪ লাখ টাকা। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ১৬৮ কোটি ৪৩ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ৬৯টির, অপরিবর্তিত রয়েছে ৪০টির।