নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইতিহাস ও দর্শন বিভাগ আয়োজিত ‘জুলাই চার্টার: তুলনামূলক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক সংস্কার বিশ্লেষণ’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আইডিইএ-এর মিশন ও সংবিধান নির্মাণ কর্মসূচির প্রধান ড. সুমিত বিসারিয়া। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন ও আইন বিভাগের অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম।

মূল বক্তৃতায় ড. সুমিত বিসারিয়া বিশ্বব্যাপী সংবিধান পরিবর্তনের প্রবণতা, রাজনৈতিক সংস্কারের চ্যালেঞ্জ ও বাংলাদেশের শিক্ষার্থীদের রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, স্বাক্ষরকারী দলের সংখ্যা বিবেচনা করলে জুলাই চার্টার একটি অসাধারণ অর্জন। তবে এর কার্যকর বাস্তবায়নে এখনো অনেক কাজ বাকি।

অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম বলেন, একটি সংবিধানের সাফল্য কেবল আইনি কাঠামো নয়, বরং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভরশীল।

এইবিশেষ বক্তৃতা শিক্ষার্থী ও শিক্ষক সমাজে সংবিধান, গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন আয়োজকরা।

-বিজ্ঞপ্তি