ট্রেডিং সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়। ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে আমাদের আইটি টিম, নাসডাক এবং সংশ্লিষ্টরা বৈঠকে বসেছেন। সমস্যার সমাধান হলে আবার লেনদেন শুরু হবে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, ব্যাংকিং আওয়ারের মধ্যে কারিগরি ত্রুটি ঠিক করা গেলে আজ লেনদেন হবে। এক্ষেত্রে ১৫ মিনিট আগে লেনদেন চালুর বিষয়টি জানিয়ে দেয়া হবে।










