রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির পরিচালক মো. শাহজাহানকে ব্যাংকটি পর্ষদ সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে গত ২৩ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংকের পরিচালক সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজানকে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ২৩(১)(ক) ধারা পরিপালনের লক্ষ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ২৩(১)(ক) ধারা অনুসারে, কোনো ব্যক্তি কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক হলে একই সময় তিনি অন্য কোনো ব্যাংক-কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি বা এ ধরনের কোম্পানিগুলোর কোন সাবসিডিয়ারি কোম্পানির বা বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় এ ধরনের কোন কোম্পানি বা প্রতিষ্ঠান যা উক্ত ব্যাংক-কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান বা বীমা কোম্পানীর উপর নিয়ন্ত্রণ, যৌথ নিয়ন্ত্রণ বা উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে এ ধরনের কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারবেন না।









