বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে যুক্তরাষ্ট্রের বয়স্ক কর্মীদের একটি বড় অংশ কাজ বন্ধ করে দেন। অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে স্বেচ্ছা অবসর নিতে শুরু করেন তারা। সেসময় কর্মক্ষেত্রে একটা বড় কর্মী সংকটের আশঙ্কা করা হচ্ছিল। একযোগে বহু কর্মী অবসরে চলে যাওয়ায় বেশ সংকটও তৈরি হয়। তবে মহামারীর শঙ্কা কাটিয়ে কাজে ফিরতে শুরু করেছেন অবসরে যাওয়া অনেক কর্মী। ফলে সংকট কাটিয়ে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে দেশটির শ্রমবাজার। খবর ওয়াশিংটন পোস্ট।

মার্কিন শ্রম মন্ত্রণালয়ের একটি পরিসংখ্যান বলছে, অবসরে গিয়েছিলেন এমন অন্তত ১৫ লাখ কর্মী আবার কাজে যোগ দিয়েছেন। অর্থনীতিবিদ নিক বাংকারের তথ্য অনুযায়ী, গত এক বছরে এ কর্মীরা কাজে ফিরে এসেছেন। অর্থাৎ ২০২০ সালের ফেব্রুয়ারির পর থেকে অর্থনীতিতে যে ক্ষতিকর প্রভাব পড়েছিল তা কমতে শুরু করেছে।

নিয়োগকর্তারা এখন যোগ্য কর্মী খুঁজে পেতে মরিয়া হয়ে রয়েছেন। ফলে যেসব কর্মী নতুন করে কাজে ফিরছেন তাদের ক্ষেত্রে কভিড রোগসংক্রান্ত উদ্বেগের বিষয়টি মাথায় রাখা হচ্ছে। এদের বেশির ভাগের জন্য সুবিধাজনক সময়ের ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু এখন জীবনযাপনের ব্যয় বেড়েছে, আগের চেয়ে খরচ বেড়েছে, তাই নতুনভাবে কাজে যোগ দেয়ার ক্ষেত্রে সেগুলোও বিবেচনা করছেন বলে জানিয়েছেন কর্মীরা।

ওয়াশিংটন পোস্টে এমনই এক কর্মীর কথা বলা হয়েছে। জেরি মুনজ নামে এ কর্মী প্রায় এক দশক অবসর কাটানোর পর গত বছর কাজে ফিরেছেন। সান ডিয়াগোর একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে পূর্ণকালীন কর্মী হিসেবে যোগ দিয়েছেন তিনি। নতুন করে লম্বা সময় পর কাজে ফেরার প্রসঙ্গে জেরি বলেন, মহামারী শুরু হলে বাড়িতে বসে রীতিমতো অধৈর্য হয়ে উঠছিলেন তিনি। ঘরে বসে থাকার চেয়ে ভাইরাস প্রতিরোধী টিকা ও বুস্টার ডোজ নিয়ে কাজে যোগ দিয়ে বরং তার বেশি ভালো লাগছে। আবার নতুন পদের জন্য বাড়তি যে মজুরি তাকে দেয়া হয় সেটি অনেক কাজে লাগে। সম্প্রতি তিনি ও তার স্ত্রী এ বাড়তি অর্থ বিনিয়োগ করে বাড়ি কিনেছেন বলেও জানান জেরি।

৬৪ বছর বয়সী এ কর্মী বলেন, কভিড আমাকে অনেক কিছু ভাবতে শিখিয়েছে। সে সময় বাড়িতে বসে মনে হয়েছে যে আমি আসলে আমার দক্ষতা ও জ্ঞানের অপচয় করছি। তাছাড়া আমি সুস্থও ছিলাম, সে কারণে স্ত্রীকে বললাম যে, আমি হয়তো আরো দুই বছর কাজ করতে পারব। সেসব চিন্তা করেই নতুন করে কাজে ফিরেছি।

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব সেন্ট লুইসের পরিসংখ্যান বলছে, মহামারীর প্রথম ১৮ মাসে অবসরে গেছেন অন্তত ২৪ লাখ মার্কিন, যা পূর্বাভাসের বাইরে ছিল। সবমিলিয়ে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের জুলাইয়ের মধ্যে ৪২ লাখ কর্মী অবসরে গেছেন বা কাজ ছেড়ে দিয়েছেন।

তবে কয়েক মাস ধরে অবসরে যাওয়া কর্মীদের কাজে ফেরার পরিমাণ বাড়ছে। বিশেষ করে গত মার্চে তা রেকর্ড পরিমাণে দেখা গেছে। কয়েকটি সাক্ষাত্কারে এসব কর্মী জানিয়েছেন, সংক্রমণের প্রকোপ কমে যাওয়া এবং প্রতিরোধী টিকা গ্রহণের ফলে তারা কাজে ফিরতে আগ্রহী হয়েছেন। বেশির ভাগ কর্মীই বলছেন, নিয়োগকর্তারা তাদের চাহিদা পূরণ করায় কাজে ফিরতে পারছেন তারা। আর এসব চাহিদার মধ্যে রয়েছে বাড়িতে বসে কাজ করার সুযোগ দেয়া, তুলনামূলক কম ভ্রমণ এবং নিজের সুবিধামতো কাজের সময় ঠিক করে নেয়া।

বিশ্লেষকরা বলছেন, গত বছর সবচেয়ে বড় প্রশ্ন ছিল এত কর্মী কোথায় গেল? এবার তার উত্তর মিলেছে। কাজে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। মহামারী, শ্রমিক সংকট, দক্ষ শ্রমিকের অভাব, অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে গত দুই বছর যুক্তরাষ্ট্রের শ্রমবাজার কঠিন সময় পার করেছেন। এবার নিয়োগকর্তারা কর্মীদের আকৃষ্ট করতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন। ফলে প্রত্যাশা করা হচ্ছে, আবার সুদিন ফিরবে দেশটির শ্রমবাজারে।