যুক্তরাজ্যসহ ইউরোপের অন্য দেশগুলোয় ৭৫০ জন কর্মী ছাঁটাই করবে কাজু। অর্থনৈতিক মন্দা ও ভোক্তারা ব্যয় কমিয়ে দেবেন—এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ অনলাইনে গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানটি। এ পদক্ষেপের মাধ্যমে সংস্থাটি আগামী বছরের শেষ নাগাদ ২০ কোটি পাউন্ড ব্যয় কমাতে চাইছে। খবর দ্য গার্ডিয়ান।
প্রায় ১৫ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা করছে কাজু। পাশাপাশি ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে নতুন কর্মী নিয়োগের গতিও কমিয়ে দেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ছাঁটাইয়ের পরিকল্পনা করা ১৫০ কর্মীর বেশির ভাগই হবে সংস্থাটির বৃহত্তম কার্যক্রম যুক্তরাজ্য থেকে। পাশাপাশি সংস্থাটির ইউরোপীয় কেন্দ্র জার্মানি, ফ্রান্স ও ইতালির কর্মীরাও ছাঁটাইয়ের মুখোমুখি হবেন।
কাজু জানিয়েছে, কঠিন অর্থনৈতিক সময়ের মুখে মুনাফা রক্ষার করার জন্য ব্যবসায়িক পুনর্বিন্যাস প্রয়োজন ছিল। কভিডজনিত বিধিনিষেধ প্রত্যাহার হওয়ায় কাজুর মতো সংস্থাগুলোর গাড়ি বিক্রি কমে গিয়েছে। গত সপ্তাহে ব্যবহূত গাড়ির ডিলার কারজামের ব্যবসা ভেঙে পড়েছে।
কাজু জানিয়েছে, বিশ্ব অর্থনীতিতে দ্রুত পরিবর্তন এবং আগামী দিনগুলোয় মন্দার আশঙ্কা বেড়ে যাচ্ছে। এ কারণে পুরো বছরের জন্য ব্যবসায়িক কার্যক্রম এখনো অনেক দুর্বল এবং অনিশ্চিত পরিবেশ তৈরি হয়েছে।
২০১৮ সালে কাজু প্রতিষ্ঠা করা এবং বর্তমানে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অ্যালেক্স চেস্টারম্যান বলেন, মহামারী ও ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সরবরাহ চেইনের সমস্যাগুলোর সঙ্গে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং সুদের হারের সংমিশ্রণে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়েছে। এ পরিস্থিতি ভোক্তা আস্থাতেও নেতিবাচক প্রভাব ফেলেছে। এ অবস্থায় বিপর্যস্ত অবস্থায় পড়ার আগে নগদ সংরক্ষণ বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে।
ব্যবহূত গাড়ির বাজারে অ্যামাজন হিসেবে বিবেচিত হওয়া কাজু গাড়ি কেনা ও বিক্রিকে অনলাইনে অন্য পণ্যের অর্ডার দেয়ার মতোই সহজ করার প্রতিশ্রুতি দেয়। সেখানে গ্রাহকরা সহজভাবে ও নির্বিঘ্নে একটি গাড়ি কিনতে এবং বিক্রি করতে পারেন। অর্ডারের ৭২ ঘণ্টার মধ্যে কেনা গাড়ির ডেলিভারি পাওয়া যায়।










