সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৯২ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা মূল্যমানের শেয়ার গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে। এ লেনদেন নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, গত সপ্তাহে ডিএসইতে লাফার্জহোলসিমের মোট ১ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ২১টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর এ সময়ে দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) লাফার্জহোলসিম বাংলাদেশের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সায়। এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬ পয়সা। 

লাফার্জহোলসিম বাংলাদেশের পর্ষদে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।