বড়দিন উপলক্ষে ৩০ হাজার নতুন কর্মী নিয়োগ দেবে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট গ্রুপ টেসকো। অস্থায়ী ভিত্তিতে এসব কর্মী নেবে কোম্পানিটি। সম্প্রতি টেসকোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

চলতি মাসের শুরুর দিকে খুচরা বিক্রেতা গ্রুপটি তাদের বার্ষিক আয়ের পূর্বাভাস বাড়িয়েছে। এক্ষেত্রে বড়দিনের মৌসুম আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে তারা। কোম্পানিটি জানিয়েছে, নতুন কর্মী নিয়োগ করা হবে মূলত চেকআউট, স্টোর সাজানো ও হোম ডেলিভারির অর্ডার বাছাইয়ের জন্য।

টেসকোর এক মুখপাত্র জানান, গত বছর প্রাথমিকভাবে চিন্তা করা হয়েছিল ১৫ হাজার অস্থায়ী কর্মী নিয়োগ দেয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত এ সংখ্যা দ্বিগুণ করে ৩০ হাজার করতে হলো।

সম্প্রতি দেশটির আরেক সুপারমার্কেট গ্রুপ সেইনসবুরি’সও আসন্ন বড়দিন উপলক্ষে ২২ হাজার অস্থায়ী কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে। এছাড়া অ্যামাজন ইউকে জানিয়েছে, উৎসব মৌসুম উপলক্ষে ১৫ হাজার কর্মী নেবে তারা। গত সপ্তাহে মরিসনস ও অ্যাডলি যথাক্রমে সাড়ে তিন হাজার ও তিন হাজার অতিরিক্ত কর্মী নিয়োগ করার কথা জানিয়েছে।