গতকাল বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান ও আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএলের ব্যবস্থাপনা পরিচালক হোসে ম্যানুয়েল ক্যাবালেরো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ ও আইভি ডিকার্বের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন। এ সমঝোতা স্মারকের অধীনে বিজিএমইএ এবং আইভি ডিকার্ব যৌথভাবে বিজিএমইএর সদস্য কারখানাগুলোর মাঝে কার্বন নিঃসরণ হ্রাসের আধুনিক কৌশলগুলো তুলে ধরবে এবং উন্নত ও বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি গ্রহণে সহায়তা করবে। এছাড়া টেক্সটাইল যন্ত্রপাতি আধুনিকায়নের ফলে উৎপাদনশীলতা এবং টেকসই উন্নয়নের ওপর যে ইতিবাচক প্রভাব পড়ে, তা সঠিকভাবে নিরূপণে আইভি ডিকার্বের মূল্যায়ন পদ্ধতিকে আরো শক্তিশালী ও কার্যকর করতে এ অংশীদারত্ব কাজ করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, ‘কার্বন নিঃসরণ হ্রাস করা এখন আর কেবল পরিবেশগত সদিচ্ছার বিষয় নয়, বরং এটি বাংলাদেশের পোশাক শিল্পের বৈশ্বিক সক্ষমতা ও প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান শর্তে পরিণত হয়েছে।’










