পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। গতকাল অনুষ্ঠিত বিবিধ খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।

প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে ইনডেক্স এগ্রোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৬৩ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৯৩ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৮ টাকা ২৭ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২১ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৪ নভেম্বর।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা-পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের (আইপিও-পরবর্তী) ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইনডেক্স এগ্রো। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৭ পয়সায়। আগের হিসাব বছরে যা ছিল ৫১ টাকা ৮১ পয়সা।

গেল বছরে তালিকাভুক্ত হওয়া বিবিধ খাতের প্রতিষ্ঠান ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৭ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৮৬ কোটি ৩৩ লাখ টাকা।