পুঁজিবাজারের ক্রমাগত দরপতনের রাশ টানতে গত রোববার থেকেই শেয়ারদরের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফ্লোর প্রাইস আরোপের পর থেকেই ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হচ্ছে পুঁজিবাজারে। গতকাল ফ্লোর প্রাইসের তৃতীয় দিনে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে বড় উত্থান ঘটেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার কেনার চাপে ঊর্ধ্বমুখী ছিল সূচক। গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ৮৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। আগের কার্যদিবস শেষে যা ছিল ৬ হাজার ১৬৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২০৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৪৭ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের।
বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে গুজবের কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করতে শুরু করে। এতে পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন ঘটে। এ অবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় কমিশন ফ্লোর প্রাইস আরোপ করে। ফলে শেয়ারদর একটি নির্দিষ্ট সীমার নিচে আর নামতে পারবে না। এতে বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করেছে এবং আগের চেয়ে বাজারে তাদের অংশগ্রহণ বেড়েছে। গত সপ্তাহে যেখানে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩৫ হাজার বিও হিসাবের মাধ্যমে লেনদেন হয়েছে, সেখানে গতকাল দেড়টা পর্যন্ত লেনদেনে অংশগ্রহণকারী বিও হিসাবের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। লেনদেন শেষে এটি আরো বেড়েছে।
ডিএসইতে গতকাল ১ হাজার ১৮৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৯২১ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৩৬টির আর অপরিবর্তিত ছিল ৫৬টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১১ দশমিক ১ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ৮ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। মোট লেনদেনের ৭ দশমিক ৯ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল চামড়া খাত। আর প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৭ শতাংশ। গতকাল পুঁজিবাজারে সব খাতেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন ছিল জীবন বীমা খাতে ৩ দশমিক ২ শতাংশ।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিল, মালেক স্পিনিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, কেডিএস অ্যাকসেসরিজ ও শাইনপুকুর সিরামিকস।
গতকাল এক্সচেঞ্জটিতে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে তমিজউদ্দীন টেক্সটাইল, মালেক স্পিনিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং, এনআরবিসি ব্যাংক, অ্যাম্বি ফার্মা, আর্গন ডেনিম, গ্লোবাল হেভি কেমিক্যালস ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১২৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ৮৫২ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২০৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ১১৩ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৩৭টির আর অপরিবর্তিত ছিল ৬৭টির বাজারদর। গতকাল সিএসইতে ১৭ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৮ কোটি ৪০ লাখ টাকা।










