ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর সবচেয়ে বড় আকারের গম আমদানির আদেশ দিয়েছে মিসর। আন্তর্জাতিক বাজারে গমের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে পরিচিত দেশটি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

মিসরের রাষ্ট্রীয় কমোডিটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান দ্য জেনারেল অথরিটি ফর সাপ্লাই কমোডিটিস (জিএএসসি) জানায়, আন্তর্জাতিক বাজার থেকে ৪ লাখ ৬৫ হাজার টন গম কিনতে যাচ্ছে দেশটি। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার টন কেনা হবে রাশিয়া থেকে, ২ লাখ ৪০ হাজার টন রোমানিয়া থেকে এবং ৫০ হাজার টন বুলগেরিয়া থেকে। ব্যবসায়ীরা জানান, গমবাহী এসব কার্গো আমদানিতে প্রতি টন গমের দাম পড়ছে ৪৮০ ডলার। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে গমের বাজার মূল্যের চেয়ে যা ৪১ শতাংশ বেশি।

আন্তর্জাতিক বাজারে গমে সর্ববৃহৎ সরবরাহকারী হিসেবে ইউক্রেনের পরিচিতি ছিল। দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে সমুদ্রবন্দরগুলো বন্ধ করে দেয়া হয়। এতে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি বাধাগ্রস্ত হয়। সাম্প্রতিক মাসগুলোয় এর প্রভাবে গমের দাম উল্লেখযোগ্য হারে বাড়ে।

সম্প্রতি মিসরীয় সরকার ঘোষণা দেয়, আগস্টের শেষ নাগাদ পর্যন্ত দেশটিতে তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো প্রকার গম আমদানি বাণিজ্য করা যাবে না। ফলে রাষ্ট্রীয় সংস্থা ছাড়া খাদ্যশস্যটির আমদানি বাণিজ্য অন্য ব্যবসায়ীদের জন্য নিষিদ্ধ করা হয়। মিসরের ১০ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে সাত কোটি মানুষকে ভর্তুকিযুক্ত রুটি সরবরাহ করে দেশটির সরকার। ফলে মিসরে গমের চাহিদা অন্যান্য দেশের তুলনায় সবসময়ই অনেকটা বেশি। অন্যদিকে স্থানীয় কৃষকদের উৎপাদিত সব গমই ক্রয়ের সিদ্ধান্ত নেয় মিসরীয় সরকার।