মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ থ্রি’। সর্বশেষ সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
চলতি ২০২৩ হিসাব বছরের জুন শেষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল ৯৮ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা কমেছে। ২০২৩ সালের জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭১৭ কোটি ৯০ লাখ টাকায়, আগের বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৮১৬ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা টাকা।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ।
সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। আগের হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মেঘনা লাইফ। ২০১৮ ও ২০১৭ হিসাব বছরের জন্যও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।










