রফতানির জন্য ‘হার্ড গুডস’ তৈরির বিষয়টি বিবেচনা করতে পারে বাংলাদেশ। পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাতে এ পরামর্শ দিয়েছেন হংকংয়ে লি অ্যান্ড ফাংয়ের এক্সিকিউটিভ চেয়ারম্যান স্পেনসার ফাং।
এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, গতকাল বিজিএমইএ সভাপতি ফারুক হাসান হংকংয়ে লি অ্যান্ড ফাংয়ের এক্সিকিউটিভ চেয়ারম্যান স্পেনসার ফাং ও সিইও দীপিকা রানার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জায়ান্ট গ্রুপের পরিচালক আজফার হাসানও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পে অংশীদারত্ব জোরদারকরণ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
দুই পক্ষের আলোচনার মধ্যে ছিল বৈশ্বিক পোশাক শিল্পের বর্তমান অবস্থা থেকে শুরু করে বাংলাদেশের জন্য সম্ভাব্য সম্ভাবনা এবং বাংলাদেশে ব্যবসা বাড়ানোর জন্য লি অ্যান্ড ফাংয়ের কৌশলগত পরিকল্পনা। তারা সম্ভাব্য অংশীদারত্ব এবং শিল্পের অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর কৌশলগুলো নিয়েও আলোচনা করেছেন। এছাড়া বাংলাদেশের পোশাক শিল্পের প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তারা।
ফারুক হাসান লি অ্যান্ড ফাংকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, বিশেষ করে ভ্যালু অ্যাডেড পণ্যের সোর্সিং বাড়ানোর জন্য অনুরোধ জানান।









