বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। বিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২-২৩ হিসাব বছরে বিএসসির শেয়ারপ্রতি নিট আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৮০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ৭২ টাকা ৫২ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৬ নভেম্বর বেলা ১১টায় চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ নভেম্বর।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৭২ টাকা ৫২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬০ টাকা ২৮ পয়সা।










