এসবিএসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এসএম মঈনুল কবীর। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে কর্মরত ছিলেন। এসবিএসি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিন দশকেরও বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে এসএম মঈনুল কবীর দেশের শীর্ষ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে চিফ বিজনেস অফিসার (সিবিও), হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড অ্যান্ড লেন্ডিং অপারেশন ও ব্রাঞ্চ ব্যাংকিং উল্লেখযোগ্য।

মঈনুল কবীর ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

মঈনুল কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেন।