জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে। আজ সচিবালয় এক সভায় এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পের ৩টি নতুন ও ২টি সংশোধিত। আর প্রকল্প ব্যয়ের ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লক্ষ টাকা সরকারের নিজস্ব অর্থায়ন এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লক্ষ টাকা।
সভায় অনুমোদিত ৫টি প্রকল্প হলো: প্রধানমন্ত্রীর কার্যালযের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলকে সহায়তাকারী অবকাঠামো প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প, পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন) প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের ১০০টি উপজেলায় ১ টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)” প্রকল্প।
এছাড়া, পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৪টি প্রকল্প সর্ম্পকেও একনেক সভায় জানানো হয়। সেগুলো হলো: বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার স্থাপন প্রকল্প, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগর বিদ্যমান বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধির জন্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প, প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রম ৪র্থ পর্যায় প্রকল্প।
অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন; পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি; পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।










