পুঁজিবাজারে তালিকাভুক্ত এপিএসসিএল নন-কনভার্টেবল অ্যান্ড ফুল্লি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ডের তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের (চলতি ২০২২ সালের ৫ জানুয়ারি-৪ জুলাই) জন্য ঘোষিত ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট হারে মুনাফা ইউনিটহোল্ডারদের কাছে পাঠিয়েছে বন্ডটির ইস্যুকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৪ জুলাই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের ৫ জুলাই থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় বছরের দ্বিতীয়ার্ধের জন্য ইউনিটহোল্ডারদের কুপন রেট ৮ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা দিয়েছে করপোরেট বন্ডটি। ২০২০ সালের ১৬ জানুয়ারি পুঁজিবাজারে লেনদেন শুরু করা এপিএসসিএল বন্ডের অনুমোদিত মূলধন ৩ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা। মোট ইউনিট সংখ্যা ২ লাখ।
২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আশুগঞ্জ পাওয়ারের সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য এপিএসসিএল বন্ডের আইপিও সাবস্ক্রিপশন অনুষ্ঠিত হয়।










