বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের যৌথ উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। এডিবির অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর আওতায় নারায়ণগঞ্জে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। ২৫জন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তার হাতে সনদ, ক্রেস্ট ও স্যুভেনির তুলে দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও ড. মো. জাহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন এসআইসিআইপি প্রোগ্রাম ডিরেক্টর নজরুল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর আইয়ুব আলী, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, একই ব্যাংকের হেড অব এসএমই মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি দেশের শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের শেখা জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব ব্যবসায় প্রয়োগ করে সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহিত করেন তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। -বিজ্ঞপ্তি










