শ্রমিক সংকট সমন্বয় ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে আবারো ধর্মঘটে নেমেছে জার্মান বিমানবন্দরের কর্মীরা। বৃহস্পতিবার উড়োজাহাজ সংস্থাটির পক্ষ থেকে বলা হয় জার্মানির বিমানবন্দরগুলোয় ধর্মঘটের কারণে লুফথানসা ১ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ধর্মঘটের বড় ধরনের প্রভাবের জন্য আমরা দুঃখিত, যা যাত্রীদের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

বার্লিনভিত্তিক ভার্ডি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে ফ্রাংকফুর্ট ও মেইন, মিউনিখ, স্টুটগার্ট, হামবুর্গ, ডর্টমুন্ড, হ্যানোভার এবং ব্রেমেন বিমানবন্দরে ধর্মঘটে অংশ নেয়া পাবলিক সেক্টরের কর্মচারীদের জন্য ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার এয়ারলাইনসটির পক্ষ থেকে নির্ধারিত ফ্লাইট সম্পর্কিত বিবৃতিতে বলা হয়, ইউনিয়নের এ সিদ্ধান্তের ফলে লুফথানসা গ্রুপ ফ্রাংকফুর্ট ও মিউনিখে ফ্লাইট কার্যক্রম স্থগিত করতে বাধ্য হচ্ছে। ফলে মোট ১ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হচ্ছে।

তবে লুফথানসার পক্ষ থেকে আরো বলা হয় তারা এরই মধ্যে ফ্লাইট বাতিলের দ্বারা ক্ষতিগ্রস্ত যাত্রীদের অবহিত করেছে এবং যতটা সম্ভব বিকল্প সংযোগ ও রেলে পুনরায় বুকিং প্রদান করছে। ধর্মঘটের ফলে সৃষ্ট প্রভাবগুলোর জন্য দুঃখ প্রকাশ করা হয় সংস্থাটির পক্ষ থেকে।

সংশ্লিষ্ট বিবৃতিতে আরো উল্লেখ করা হয় ধর্মঘটের সঙ্গে আমরা কোনোভাবেই সম্পৃক্ত ও সম্মিলিত দরকষাকষির পক্ষ নই। তবু আমাদের যাত্রীরা এতে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। শনিবার অর্থাৎ আজ সকালের দিকে তাদের নিয়মিত কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে এয়ারলাইনসটির পক্ষ থেকে আশা করা হচ্ছে।

কভিড-পরবর্তী দ্রুত পর্যটন কার্যক্রম পুনরুদ্ধারের বিপরীতে কর্মী সংকট পূরণ এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে প্রয়োজনীয় মজুরি বৃদ্ধির দাবিতে গত বছর থেকে ইউরোপজুড়ে ধর্মঘটে নেমেছে কর্মীরা। জার্মান বিমানবন্দরের কর্মীরাও শ্রমিক সংকট পূরণ ও মজুরি বৃদ্ধির দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে।