মাংস প্রস্তুতকারী কোম্পানি ‘‌টাইসন ফুডস’ ও ‘‌পারডু ফার্মের’ বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। কোম্পানি দুটির বিরুদ্ধে অভিযোগ অভিবাসী শিশুদের দিয়ে কসাইখানা পরিষ্কারের কাজ করিয়েছে তারা। খবর রয়টার্স।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে সম্প্রতি এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তদন্তের ঘোষণা দিয়েছিল দেশটির শ্রম বিভাগ। প্রতিবেদেনে বলা হয়, ভার্জিনিয়ার ইস্টার্ন শোরে কোম্পানির কারখানায় ঠিকাদাররা রাতের শিফটে অভিবাসী শিশুদের দিয়ে কাজ করায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে মার্কিন শ্রম বিভাগ ও টাইসন ফুডস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।

পারডু কোম্পানির এক মুখপাত্র জানান, তারা তদন্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নোটিস পাননি। তবে এ বিষয়ে সরকারি যেকোনো ধরনের তদন্তে পূর্ণ সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত। তিনি বলেন, ‘‌শিশুশ্রম বন্ধে তৃতীয় পক্ষের মাধ্যমে আমরা একটি বড় ধরনের অডিট পরিচালনা করছি। একই সঙ্গে ঠিকাদাররা এ ধরনের কাজে জড়িত রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখার চেষ্টা করছি।’

প্রতিবেদনে বলা হয়, টাইসন ও পারডুকে পরিচ্ছন্নতার কাজে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ফায়েট ইন্ডাস্ট্রিয়াল এবং কিউএসআইয়ের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে মার্কিন শ্রম বিভাগ। এ বিষয়ে কিউএসআইও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আর ফায়েটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে গত এপ্রিলে টাইসন ও পারডুসহ মাংস প্রস্তুতকারী কোম্পানিগুলোকে চিঠি পাঠিয়েছিল বাইডেন প্রশাসন। কোম্পানিগুলোর সাপ্লাই চেইনে কোনা শিশুশ্রম হচ্ছে কিনা, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ওই চিঠিতে।