সৌদি আরবে বিদেশী বিনিয়োগ অব্যাহতভাবে বাড়ছে। পাঁচ বছরে দেশটিতে এর আকার বেড়েছে ৩০০ শতাংশ। ২০১৮-২২ সালের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে মোট ৩৪ হাজার ৭০১ কোটি রিয়াল বা ৯ হাজার ২৫০ কোটি ডলার সমমূল্যের বিদেশী বিনিয়োগ এসেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটির (সিএমএ) উপপ্রধান আবদুল্লাহ মোহাম্মদ বিন হান্নাম বলেন, ‘সিএমএর লক্ষ্য সৌদি পুঁজিবাজারকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে শীর্ষস্থানীয় বাজারগুলোর একটিতে পরিণত করা। বৈশ্বিক শেয়ারবাজারগুলোর নেতৃস্থানীয় পর্যায়ে উঠতে হলে বিনিয়োগ ব্যবস্থায় বৈচিত্র্য আনা গুরুত্বপূর্ণ।’
অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, সিএমএ সাম্প্রতিক বছরগুলোয় সৌদি পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অনেক উদ্যোগ নিয়েছে। এতে ট্রেডিং ও নানা অফারে বিদেশীদের অংশগ্রহণ বেড়েছে।
সৌদি পুঁজিবাজারে ২০১৫ সালে প্রথমবারের মতো বিদেশী বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। এরপর থেকে বিদেশী বিনিয়োগকারীরা ১৭ শতাংশেরও বেশি হারে দৈনিক লেনদেনে অংশগ্রহণ করে, যা আগে ছিল ৪ শতাংশেরও কম। এখন দেশটির পুঁজিবাজারে বিদেশী মালিকানার আকার ৩৪ হাজার ৭০০ কোটি রিয়াল বা ৯ হাজার ২৫০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
পুঁজিবাজারে এখন বিদেশী বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়ছে এবং এটি ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে। ২০১৮-২২ পর্যন্ত বাজারে নিট বিদেশী বিনিয়োগের পরিমাণ ১৮ হাজার কোটি রিয়াল বা ৪ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছে।
২০২০ সালের শেষ দিকে সব শ্রেণীর বিদেশী বিনিয়োগকারীদের জন্য ঋণপত্রের বাজার উন্মুক্ত করে কর্তৃপক্ষ। বর্তমানে দেশটির ঋণ বাজারে বিদেশী বিনিয়োগকারীদের মালিকানা বেড়েছে ১০ গুণেরও বেশি। বিভিন্ন কোম্পানিতেও বিদেশী বিনিয়োগকারীদের অংশীদারত্ব বেড়েছে।
সৌদি পুঁজিবাজার ২০১৯ সালে প্রধান উদীয়মান বাজার সূচকে যোগদান করেছে। ২০২২ সালে এসে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির হার সর্বোচ্চে পৌঁছেছে। এ সময় বিদেশী প্রকৃত মালিকের (কিউএফআই) সংখ্যা বেড়েছে ১ হাজার ৮৭৭ শতাংশ।










