রাশিয়ার কম দামি অপরিশোধিত জ্বালানি তেল ভারতের মূল্যসংবেদনশীল ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। গত মাসে দেশটি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে ভারত। পণ্যবাহী জাহাজের তথ্য বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত বিশ্বের তৃতীয় শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক। গত মাসে দেশটি লক্ষণীয় মাত্রায় পণ্যটির আমদানি বাড়িয়েছে। এ সময় রাশিয়া থেকে গড় আমদানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ২ লাখ ৭৭ হাজার ব্যারেলে। মার্চে দেশটি রাশিয়া থেকে দৈনিক ৬৬ হাজার ব্যরেল করে আমদানি করেছিল। এপ্রিলে ভারতের মোট আমদানির ৬ শতাংশই এসেছে রাশিয়া থেকে।

এদিকে গত মাসে ভারতের মোট অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে। দৈনিক আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ লাখ ব্যারেলে। এ সময় ইরাক দেশটিতে সবচেয়ে বেশি জ্বালানি তেল সরবরাহ করে। সরবরাহের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ জানায়, চলতি মাসে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি আরো বাড়াতে পারে ভারত। আমদানির পরিমাণ দাঁড়াতে পারে দৈনিক ৪ লাখ ৮৭ হাজার ব্যারেলে।