আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম। ডলারের বিনিময় মূল্য কিছুটা কমায় ধাতুটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। তবে ধাতুটির শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে অর্থনৈতিক পরিস্থিতি এটির চাহিদা প্রবৃদ্ধিকে বিপাকে ফেলেছে। ফলে দাম বাড়লেও সেটির হার সীমিত। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, তিন মাস সরবরাহ চুক্তিতে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭ হাজার ৫৯৭ ডলার। অন্যদিকে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে ধাতুটির দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের দাম ৮ হাজার ৬৯৯ ডলার ৬৫ সেন্টে উন্নীত হয়েছে।

এক সপ্তাহের সর্বোচ্চে ওঠার পর গতকাল ডলারের দাম কমেছে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদের হার বৃদ্ধির ধারা কিছুটা স্থিতিশীল থাকবে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। তারা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

এদিকে তামার পাশাপাশি এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ২৩৬ ডলারে পৌঁছেছে। টিনের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে টনপ্রতি ১৭ হাজার ৮৫০ ডলারে এবং দস্তার দাম দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৭০২ ডলার ৫০ সেন্টে উন্নীত হয়েছে।